তথ্য ফাঁস তদন্তে নেমেছে র‌্যাবের সাইবার টিম

৯ জুলাই, ২০২৩ ১৫:২৩  

সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানিয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁস হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগে হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না, নাকি ইচ্ছাকৃতভাবে তথ্য পাচার করা হয়েছে— এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা পোস্টকে বলেন, আমরা এ ব্যাপারে কাজ করছি। পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সাইবার টিম সমন্বিতভাবে বিষয়টি তদন্ত করছে। তদন্তে তথ্য ফাঁসের ব্যাপারে আমলযোগ্য অগ্রগতির আগে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্য এক জায়গায় পাওয়া গেছে। তথ্যগুলো যে কোথা থেকে কীভাবে এলো তা এখন পর্যন্ত বোধগম্য নয়। সেটাই জানার চেষ্টা করছি।

উদাহরণ টেনে তিনি বলেন, ধরুন একজনের তথ্য ফাঁস হয়েছে। সেই তথ্যটি এনআইডি থেকে ফাঁস হয়েছে নাকি লোকাল কোনো সার্ভার থেকে হয়েছে… আমরা তা জানার চেষ্টা করছি। তথ্য কীভাবে ফাঁস হয়েছে, সার্ভার হ্যাক হয়েছিল কি না, নাকি সার্ভারের দুর্বলতা ছিল, নাকি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে তথ্য দিয়েছে— আমরা সেসব জানতে কাজ করছি।
কমান্ডার মঈন বলেন, তথ্যের অনেক প্যাটার্ন আছে। কোন ধরনের তথ্য ফাঁস হয়েছে, ব্যক্তির ব্যক্তিগত তথ্য নাকি প্রাতিষ্ঠানিক তথ্য ফাঁস হয়েছে, ফাঁসকৃত তথ্য কতটা গুরুত্বপূর্ণ তাও খতিয়ে দেখা হচ্ছে।